মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্বার্থ লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এক সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে ইউএই কর্তৃপক্ষ জানায়, তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা চালানো হয়, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে তিনটি ভূপাতিত করা সম্ভব হয়েছে, আর একটি সাগরে পড়ে যায়।
ইরানের একটি সামরিক সূত্র দাবি করেছে, বর্তমান পরিস্থিতিতে ইউএই অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে এবং উত্তেজনা বাড়লে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
এদিকে ইউএই প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ ইরানের সমালোচনা করে বলেছেন, তারা আবারও আগ্রাসী পথ বেছে নিয়েছে এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা নৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।








