নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলায় তার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রবিবার (১০ মে) এ আদেশ দেন আদালত। ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকল না।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে পাঁচটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। তবে সেই জামিন আপিল বিভাগে স্থগিত হয়ে যায়।
পরে ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে নতুন করে জামিন আবেদন করা হয়। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও তাকে জামিন দেন।
সর্বশেষ আপিল বিভাগের সিদ্ধান্তে ১০টি মামলার জামিনই বহাল থাকায় আইভীর মুক্তির পথ সুগম হলো।








