Editorial News 24

ফ্যাসিবাদ যেন আর পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য তিনি পুলিশ সদস্যদের নতুন করে দায়িত্ববোধ ও পেশাদারিত্বের শপথ নেওয়ার আহ্বান জানান।

রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী স্মরণ করেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় শত শত পুলিশ সদস্য শহীদ হন। তিনি বলেন, স্বাধীনতার জন্য আত্মত্যাগ করা সেই পুলিশ সদস্যদের আদর্শ ধরে রেখে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যেন ভবিষ্যতে পুলিশকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

পুলিশ বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন প্রমাণ করেছে যে একটি স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ বাহিনী সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখাই পুলিশের প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ পুলিশের সুনাম বাড়ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বিদেশে অর্জিত এই মর্যাদা দেশের ভেতরেও বজায় থাকবে এবং জনগণের সঙ্গে পুলিশের আচরণ আরও মানবিক ও জনবান্ধব হবে।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য প্যারেড ও সালাম গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের সফলতা কামনা করেন তিনি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন