বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই বোর্ড এশিয়ান ও আন্তর্জাতিক ক্রিকেট ফোরামে একে অপরকে সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির দুই দিনের ঢাকা সফরের সময় বিসিবি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়। আলোচনায় অন্তর্বর্তীকালীন ক্রিকেট প্রধান হিসেবে তামিম ইকবালও উপস্থিত ছিলেন।
সূত্রের বরাতে বলা হয়েছে, বৈঠকে ২০২৮–৩১ চক্রের ফিউচার ট্যুরস প্রোগ্রামে (এফটিপি) আরও ভারসাম্য আনার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) কাঠামো নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে দুই স্তরের টেস্ট কাঠামোর সম্ভাব্য উদ্যোগের বিরোধিতার বিষয়ে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আইসিসির আয়ের বণ্টন এবং ভবিষ্যৎ টেস্ট চ্যাম্পিয়নশিপে ছোট দলগুলোর অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। সূত্রের দাবি, বর্তমানে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বেশি সুবিধা পাচ্ছে, অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে।
এছাড়া আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ভেতরে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভবিষ্যতে অন্যান্য ক্রিকেট বোর্ডকে সঙ্গে নিয়ে একটি শক্ত অবস্থান তৈরির চেষ্টা করবে দুই বোর্ড—এমন কথাও সূত্রের বরাতে বলা হয়েছে।
তবে এ বিষয়ে বিসিবি বা পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো যৌথ ঘোষণা এখনো দেওয়া হয়নি।








