Editorial News 24

দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানাল বিএসএফ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ত্রিপুরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বিএসএফ দাবি করেছে, নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে।

শুক্রবার (৮ মে) গভীর রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার কমলাসাগর সীমান্ত ফাঁড়ির নবীনপাড়া ও বঙ্গ বন্ধ এলাকার মধ্যবর্তী সীমান্তে এ ঘটনা ঘটে। সীমান্তের বিপরীতে রয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর এলাকা।

ভারতীয় সংবাদমাধ্যম The Times of India জানিয়েছে, নিয়মিত টহলের সময় বিএসএফ সদস্যরা ১০ থেকে ১৫ জনের একটি দলকে সীমান্ত অতিক্রম করে পণ্য আদান-প্রদান করতে দেখেন। বিএসএফের অভিযোগ, স্থানীয় কিছু ভারতীয় গ্রামবাসীর সহযোগিতায় ওই এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান চলছিল।

বাহিনীটির দাবি, টহলরত সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায়। এতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে আহত অবস্থায় নবীন হোসেন (৪০) ও মো. মোরসালিন (২০) নামে দুজনকে উদ্ধার করা হয়। তাদের বিশালগড় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারতীয় পুলিশের দাবি, মৃত্যুর আগে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দেন এবং চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেন।

শনিবার ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, সীমান্তে প্রাণহানির ঘটনা নতুন নয়। তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন