মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। তবে যুক্তরাষ্ট্র ফের সরাসরি যুদ্ধে জড়াবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি।
গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান-সংক্রান্ত চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং এ বিষয়ে তিনি ও তার ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কেউ বিস্তারিত জানেন না।
ট্রাম্পের ভাষায়, “ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এ নিয়ে আলোচনা চলছে, তবে বিষয়টি সম্পর্কে খুব সীমিতসংখ্যক মানুষ অবগত।”
তিনি আরও দাবি করেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। যদিও যুদ্ধ পরিস্থিতির চূড়ান্ত সমাপ্তি কবে হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি ট্রাম্প। তবে তার মতে, সংকটের সমাধান হলে বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে।
এদিকে জার্মানি থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণার একদিন পর সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের পরিকল্পনা আছে কি না। জবাবে তিনি বলেন, এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইরান বিশ্বকাপে অংশ নিলে তার কোনো আপত্তি নেই।
সূত্র: আল-জাজিরা ও মিডল ইস্ট আই।








