মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে সম্ভাব্য বহুজাতিক নিরাপত্তা মিশনের প্রস্তুতি হিসেবে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য। শনিবার ব্রিটিশ সরকার জানায়, তাদের যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন এ অঞ্চলে পাঠানো হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে অংশ নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিমান প্রতিরক্ষা সক্ষমতাসম্পন্ন ডেস্ট্রয়ার এইচএমএস ড্রাগনকে মার্চ মাসে ইরান যুদ্ধ শুরুর পর পূর্ব ভূমধ্যসাগরে পাঠানো হয়েছিল। সে সময় সাইপ্রাসের নিরাপত্তা জোরদারে সহায়তা করাই ছিল এর মূল উদ্দেশ্য।
এর আগে ফ্রান্সও একটি বিমানবাহী রণতরী নেতৃত্বাধীন নৌবহর দক্ষিণ লোহিত সাগরে মোতায়েন করেছে। বাণিজ্যিক নৌপথে আস্থা ফিরিয়ে আনতে এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে লন্ডন ও প্যারিস যৌথভাবে প্রতিরক্ষামূলক পরিকল্পনায় কাজ করছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এইচএমএস ড্রাগনকে মোতায়েন করা হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি অনুকূল হলে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন বহুজাতিক জোটের মাধ্যমে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথ পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়নে ইরানের সঙ্গে সমন্বয় প্রয়োজন হবে এবং ইতোমধ্যে অন্তত এক ডজন দেশ এতে আগ্রহ প্রকাশ করেছে।








