পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
শনিবার (০৯ মে) সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর আর. এন. রবি তাকে শপথবাক্য পাঠ করান। ভারতীয় সংবাদমাধ্যম NDTV এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
রাজনৈতিক অঙ্গনে শুভেন্দু অধিকারীর উত্থানও বেশ আলোচিত। একসময় তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তবে সময়ের পরিক্রমায় রাজনৈতিক অবস্থান বদলে এখন তিনিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিজেপির কয়েকজন পরিচিত নেতা। তাদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। তারাও একই অনুষ্ঠানে শপথ নিয়েছেন।








