তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন অভিনেতা-রাজনীতিক চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি ‘বিজয় থালাপতি’ নামেই বেশি পরিচিত। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৫১ বছর বয়সী বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় লাভ করে। তবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে তাকে কয়েক দিন অপেক্ষা করতে হয়।
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে টানা পাঁচ দিন বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালান বিজয়। এ সময় গভর্নরের সঙ্গেও চার দফা বৈঠক করেন তিনি।
শেষ পর্যন্ত কংগ্রেসের পাঁচজন, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির দুজন, ভারতের কমিউনিস্ট পার্টি ও সিপিআই (এম)-এর দুইজন এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দুই বিধায়কের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তিনি।
দুটি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে বিজয়কে। এরপরও তার নেতৃত্বাধীন জোটের সদস্য সংখ্যা থাকবে ১২০ জন।
এই সরকার গঠনের মধ্য দিয়ে প্রায় ছয় দশক পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলো।








