তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নাটকীয় মোড় নিয়েছে সরকার গঠনের সমীকরণ। কয়েক দিন ধরেই নানা আলোচনা ও জোট সমীকরণের পর থালাপতি বিজয়ের দল টিভিকের সরকার গঠন প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে সমর্থন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আজ শনিবার নির্ধারিত শপথ অনুষ্ঠান আর হচ্ছে না।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ প্রথমে বিজয়ের দলকে সমর্থনের ঘোষণা দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। দলটি এখন ক্ষমতাসীন ডিএমকে জোটে যোগ দেওয়ার পথে রয়েছে বলে জানা গেছে। তাদের দুটি আসন বর্তমান রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।
এদিকে ভিসেকে নামের আরেকটি দলও টিভিকেকে সমর্থনের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু তারা এখনো রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক সমর্থনপত্র জমা দেয়নি। পরে জানা যায়, দলটি নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে। একই সঙ্গে উপ-মুখ্যমন্ত্রীর পদ নিয়েও তাদের পক্ষ থেকে আলোচনা চলছে।
ফলে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় বিজয়ের নেতৃত্বাধীন জোট ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এতে সরকার গঠনের পথ আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়। বৈঠকে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন, পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ ছাড়া সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া সম্ভব নয়।
অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা দক্ষিণী সুপারস্টার বিজয়ের দল টিভিকে এবারের নির্বাচনে ১০৮টি আসনে জয় পেয়েছে। তবে জোটের জটিল সমীকরণে আপাতত সরকার গঠনের স্বপ্নে ধাক্কা খেল দলটি।








