বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।
২০২৪ সালের ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”
সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে আদালত তাকে জামিন দেন এবং রুল জারি করেন।
পরে হাইকোর্টের ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। তবে সর্বশেষ আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন।








