২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন
আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই অধিবেশন আহ্বান করেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। এটি চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের এবং ২০২৬ খ্রিষ্টাব্দের তৃতীয় অধিবেশন।বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির আদেশ উল্লেখ করে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২৭ আগস্ট বিকেল ৩টায় শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনে অধিবেশন আহ্বান করেছেন। সংসদীয় নিয়ম অনুযায়ী, অধিবেশন শুরু হওয়ার আগে স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অধিবেশন কত কার্যদিবস চলবে এবং এর আলোচ্যসূচি কী হবে, তা চূড়ান্ত করা হবে।সংবিধানের বিধান অনুযায়ী, এক অধিবেশনের শেষ বৈঠক এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই রাষ্ট্রপতি নতুন অধিবেশন আহ্বান করলেন। অধিবেশন ঘিরে ইতিমধ্যে সংসদ সচিবালয়ে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং প্রযুক্তিগত ও কাঠামোগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আসন্ন অধিবেশনে বেশ কয়েকটি নতুন বিল উত্থাপন করা হতে পারে এবং আগের উত্থাপিত কয়েকটি বিল পাসের জন্য উপস্থাপন করা হতে পারে। এছাড়া অধিবেশনে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি মন্ত্রীগণের প্রশ্নোত্তর পর্ব থাকবে। সংসদীয় কার্যক্রমের সার্বিক পরিচালনায় প্রতিটি কমিটির ভূমিকা সক্রিয় রাখারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।