এসএসসির ফলাফলে ইংরেজি ও গণিতে পাসের হার কম, সর্বোচ্চ আইসিটিতে
সদ্য প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের সবকটি শিক্ষা বোর্ডে ইংরেজি ও গণিত বিষয়ে পাসের হার আশঙ্কাজনকভাবে কমেছে। তবে এর বিপরীত চিত্র দেখা গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে, যেখানে শিক্ষার্থীরা রেকর্ড পরিমাণ সাফল্য অর্জন করেছে।সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার সারাদেশে এসএসসি ও সমমানে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে, যা গত বছর ছিল ৬৮.৪৫ শতাংশ। গড় পাসের হারের পাশাপাশি কমেছে সর্বোচ্চ সূচক জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২।শিক্ষা বোর্ডগুলোর তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা আগের বছরের চেয়ে ৩.৯৯ শতাংশ কম। মূলত ইংরেজি ও গণিত বিষয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সার্বিক ফলাফলে এই প্রভাব পড়েছে।বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বোর্ডে ইংরেজিতে ৭৮.৪০ শতাংশ এবং গণিতে ৮২.৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া রাজশাহী বোর্ডে ইংরেজিতে ৭৪.৭ শতাংশ ও গণিতে ৭৭.১৭ শতাংশ, কুমিল্লায় ইংরেজিতে ৮১.২৯ শতাংশ ও গণিতে ৮১.৭৫ শতাংশ এবং যশোরে ইংরেজিতে ৭১.৮৪ শতাংশ ও গণিতে ৮৩.৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অন্যান্য বোর্ডের মধ্যে চট্টগ্রামে ইংরেজিতে ৭২.২৭ ও গণিতে ৮০.০৫ শতাংশ, বরিশালে ইংরেজিতে ৬৯.২৪ ও গণিতে ৭৭.৯৮ শতাংশ, সিলেটে ইংরেজিতে ৬৯.১১ ও গণিতে ৭৫.৯৬ শতাংশ, দিনাজপুরে ইংরেজিতে ৭২.৯১ ও গণিতে ৭১.০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে ৬৬.৬৪ ও গণিতে ৬৯.৬১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পেরেছে।সাধারণ শিক্ষা বোর্ডের বাইরে মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৭৯.২১ শতাংশ ও গণিতে ৬৯.৯৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৯৪.৭৯ শতাংশ হলেও গণিতে তা কমে ৭০.৯২ শতাংশে নেমে এসেছে।তবে এবারের পরীক্ষার ফলাফলে সবচেয়ে বড় চমক দেখিয়েছে আইসিটি বিষয়। অতীতে এ বিষয়ে শিক্ষার্থীরা কিছুটা পিছিয়ে থাকলেও এবার দেশের অধিকাংশ বোর্ডেই আইসিটিতে প্রায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও কারিগরি বোর্ডে আইসিটিতে পাসের হার ৯৯ শতাংশের ওপরে। এছাড়া ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডেও পাসের হার ৯৮ শতাংশ। এ বিষয়ে সবচেয়ে কম পাসের হার যশোর বোর্ডে, যেখানে ৯৭.৮৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ইংরেজি ও গণিতে মৌলিক শিক্ষার ঘাটতির কারণেই শিক্ষার্থীরা কঠিন বিষয়গুলোতে তুলনামূলক খারাপ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জোর দাবি উঠেছে।