বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে পাঠানো এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি’র গঠনতন্ত্রের ৭ এর (খ) ৬ ধারা অনুযায়ী দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, এই সাংগঠনিক সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।রুহুল কবির রিজভী আহমেদ দীর্ঘ সময় ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দলের কঠিন ও সংকটময় দিনগুলোতে তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় অবস্থান তুলে ধরা এবং নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ পদে নেতৃত্ব দিয়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুসংহত করেন।বর্তমানে তিনি মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের সাথে তাঁর গভীর যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণেই দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে মনোনীত করেছেন।বিএনপির শীর্ষ নেতৃত্বে এই নিয়োগ দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে মনে করছেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।