English / বাংলা
Editorial News 24

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার পৈতৃক বাড়িতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় সাকিবের বাসভবনে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ হামলার নেপথ্যে কারা জড়িত, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, হামলার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলে বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে দুর্বৃত্তরা বাড়ির প্রধান লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে সেখানে কোনো পেট্রলবোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি।এদিকে ঘটনার পরপরই রাত সাড়ে ১০টার দিকে সাকিবের বাড়ির আশপাশে পুলিশি টহল জোরদার করা হয়। এলাকার কেশব মোড় ও সাকিবের বাড়ির সামনে পুলিশের একাধিক টহল ভ্যান অবস্থান নেয়। তবে ঘটনাস্থলে থাকা পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা সাংবাদিকদের কাছে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।হামলার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই বাড়িতে বর্তমানে সাকিবের এক অসুস্থ নিকটাত্মীয় বসবাস করেন। তিনি জানান, হঠাৎ করে চালানো এই হামলায় বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। সাকিবের বিরুদ্ধে গত বছরের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা করা হয়, যেখানে তিনি ২৮ নম্বর আসামি। সাকিবের বিরুদ্ধে পুঁজিবাজার কারসাজির মামলারও তদন্ত চলছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন।

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0