আয়ারল্যান্ডকে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে নবম দল হিসেবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে আফগানিস্তান। আফগানদের এই জয়ের ফলে টুর্নামেন্টে সরাসরি জায়গা করে নেওয়ার বাকি রয়েছে আর মাত্র একটি দল। সেই কাঙ্ক্ষিত স্থানটি অর্জনের জন্য সমীকরণের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। আগামী দেড় মাসের ব্যবধানেই নির্ধারিত হবে কোন দলটি সরাসরি মূল পর্বে মাঠে নামবে।২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আগেই মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের কাটঅফ টাইমের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেরা ১০ দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এর মধ্যে স্বাগতিক জিম্বাবুয়ে র্যাঙ্কিংয়ের সেরা দশের বাইরে থাকা সত্ত্বেও সরাসরি অংশ নিচ্ছে। অন্যদিকে আয়োজক দক্ষিণ আফ্রিকা সেরা আটের মধ্যে থাকায় র্যাঙ্কিংয়ের নবম দলটির সামনে সরাসরি খেলার দরজা খুলে গেছে।বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৯ নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। কিন্তু টাইগারদের এই অবস্থান এখন কিছুটা নড়বড়ে। সমীকরণ অনুযায়ী কাটঅফ সময়ের আগে বাংলাদেশের ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। তবে দুই দেশের মধ্যকার বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সিরিজটি স্থগিত বা অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে নির্ধারিত সময়ে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।এই পরিস্থিতিতে বাংলাদেশের ভাগ্য এখন অনেকাংশে নির্ভর করছে ভারতের ওপর। সেপ্টেম্বরের ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি ভারত জয়ী হয় এবং ক্যারিবীয়রা পয়েন্ট হারায়, তবে বাংলাদেশ তাদের ৯ নম্বর অবস্থান ধরে রেখে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যদি ভারতের বিপক্ষে জয় তুলে নেয়, তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ তৈরি হবে এবং বাংলাদেশ দশম স্থানে নেমে যেতে পারে। ফলে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে এখন নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি ভারতের ফলাফলের দিকেই নজর রাখতে হচ্ছে বাংলাদেশকে।