সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার তাকে বগুড়া সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ প্রদান করেন। আদেশ শেষে আদালত চত্বর থেকে ডিবির গাড়িতে তোলার সময় সালাউদ্দিন তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।এর আগে বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়ার আদালতে নিয়ে আসা হয়। আদালতের বিচারিক কাজ শেষে তাকে কারাগারে স্থানান্তরের উদ্দেশ্যে গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে তোলার চেষ্টা করা হলে বাইরে অবস্থান নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করতে থাকেন এবং বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল আল আমিন জানান, দেশের সরকারপ্রধান তথা প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য প্রদান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আইন ও বিচার ব্যবস্থার ওপর শ্রদ্ধাশীল এবং আদালতের মাধ্যমে ওই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন, যাতে ভবিষ্যতে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন উসকানিমূলক কাজ করার সাহস না পায়।মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে অত্যন্ত মানহানিকর, উসকানিমূলক এবং অসত্য বক্তব্য সম্বলিত একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পরপরই বগুড়াসহ সারাদেশে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ব্যাপক সমালোচনার মুখে পরবর্তীতে তানভীর তার ফেসবুক আইডি থেকে পোস্টটি মুছে ফেলেন।তবে এ ঘটনার পর গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পুলিশ ও গোয়েন্দা সংস্থা আসামির অবস্থান শনাক্তে অভিযান শুরু করে এবং ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, সাইবার সুরক্ষা আইনে করা নির্দিষ্ট মামলার সপক্ষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বগুড়ার বিচারকের সামনে উপস্থাপন করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তকে বগুড়া কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।