কিশোরীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
নেত্রকোনা সদরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সালিশি বৈঠকে বিপুল অংকের টাকা জরিমানার মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা-মা নেত্রকোনা সদর থানায় উপস্থিত হয়ে এই মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত রিপন মিয়া পলাতক রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামে জমি কিনে নতুন বাড়ি বানিয়ে পরিবার নিয়ে বসবাস শুরু করেন বিবাহিত রিপন মিয়া। সেখানে এক কিশোরীকে আর্থিক প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার ভয়ে প্রাথমিক অবস্থায় ৫০ হাজার টাকা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন রিপন মিয়া। তবে তা জানাজানি হয়ে গেলে এলাকায় চরম অসন্তোষ সৃষ্টি হয়।পরবর্তীতে রবিবার রাতে নন্দুরা বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এক সালিশি দরবার বসানো হয়। সেই দরবারে রিপন মিয়াকে নগদ ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে ধর্ষণের মতো একটি ফৌজদারি অপরাধে এভাবে স্থানীয় সালিশ বসানো এবং টাকার বিনিময়ে তা নিষ্পত্তির চেষ্টা নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন ওঠে। খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্তে নামলে কিশোরীর পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং মঙ্গলবার রাতে সরাসরি থানায় গিয়ে মামলা করে।মামলার বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-মামুন সরকার জানান, ভুক্তভোগী কিশোরীর মা-বাবা থানায় উপস্থিত হয়ে মামলার কার্যক্রম সম্পন্ন করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিপন মিয়া পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।প্রসঙ্গত, ২০১৬ সালে ফেসবুকে ভিডিও তৈরির মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করেন রিপন মিয়া। সহজ-সরল উপস্থাপনা এবং 'হাই আই অ্যাম রিপন ভিডিও' ও 'আই লাভ ইউ, এটাই বাস্তব'—এই সংলাপগুলোর মাধ্যমে খুব অল্প সময়ে নেটিজেনদের কাছে পরিচিতি পান তিনি। পরবর্তীতে দেশের নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও বিজ্ঞাপনী সংস্থায় কাজ করে তিনি রাতারাতি তারকা বনে যান। তবে সাম্প্রতিক সময়ে নিজের জন্মদাত্রী মায়ের দেখভাল না করা এবং অবহেলার অভিযোগে চরম বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। সেই বিতর্কের স্মৃতি পার হতে না হতেই এবার সরাসরি ধর্ষণ মামলার আসামি হলেন এই আলোচিত ব্যক্তিত্ব।