আনম আয়াসের ওপর হামলা: শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে
রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ এবং 'জুলাই যোদ্ধা' আ ন ম আয়াসের ওপর হামলার ঘটনায় 'নতুন ধারা বাংলাদেশ' নামের একটি রাজনৈতিক সংগঠনের ছয় নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে কড়া পুলিশি পাহারায় তাদের উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন—নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল এবং হরিদাস সরকার। এর আগে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাসেবা নিতে এসে তারা প্রায় তিন ঘণ্টা ঢামেকের জরুরি বিভাগে অবস্থান করছিলেন।বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মঈনুল ইসলাম খান পুলক জানান, শান্তা ফারজানাসহ ছয়জন বর্তমানে শাহবাগ থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাব্বানী এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন পুলিশি হেফাজতে নেওয়ার সত্যতা নিশ্চিত করেন।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ এবং 'রাষ্ট্র সংলাপ ফোরাম' নামের দুটি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রথম দফায় বাকবিতণ্ডা ও সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে রাত সাড়ে আটটার দিকে উভয় পক্ষের আহত নেতা-কর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। সেখানে দুই পক্ষ মুখোমুখি হলে আবারো হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জরুরি বিভাগে সংঘর্ষ ছড়িয়ে পড়লে আতঙ্কে সেখানে চিকিৎসা কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়।ঘটনার কারণ নিয়ে দুই পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা অভিযোগ করেন, তারা প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন। এ সময় আ ন ম আয়াসের নেতৃত্বে তাদের ওপর আচমকা হামলা চালানো হয়। পরবর্তীতে ঢামেকে চিকিৎসার জন্য গেলে সেখানেও তাদের ওপর পুনরায় আক্রমণ করা হয় বলে তিনি দাবি করেন।অন্যদিকে, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, শান্তা ফারজানা ও তার সহযোগীরা 'জুলাই শহীদ' আবু সাঈদ এবং ধর্মীয় সংবেদনশীল বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। উপস্থিত জনতা ও সংগঠনের কর্মীরা এর প্রতিবাদ জানালে নতুন ধারা বাংলাদেশের সদস্যরা হামলা চালায়।শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং হাসপাতালের ভেতরের চিকিৎসাসেবা বিঘ্নিত করার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনা তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।