পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বর্তমানে বিজেপি ১৯১টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৮টি আসনে। বামফ্রন্ট দুইটি আসনে এগিয়ে থাকলেও কংগ্রেস এখনো কোনো আসনে এগোতে পারেনি। অন্য প্রার্থীরা আরও দুটি আসনে এগিয়ে আছেন। এসব তথ্য জানিয়েছে বিবিসি।
ভারতীয় সময় সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এই চিত্র দেখা গেছে। কলকাতার ভবানীপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জী এগিয়ে রয়েছেন।
এবারের গণনায় পোস্টাল ব্যালটও অন্তর্ভুক্ত রয়েছে। পেশাগত দায়িত্বের কারণে যেসব ভোটার নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি, তাদের দেওয়া পোস্টাল ব্যালট এই ধাপে গণনা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন ২৯৪টি হলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল হওয়ায় এবার ২৯৩টি আসনে গণনা চলছে।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে জয় পায়। বিজেপি পায় ৭৭টি আসন এবং বাকি দুটি আসনে জয়ী হন অন্যান্য প্রার্থীরা।








