প্রমোদতরী ‘এমভি হন্দিয়াস’-এ হান্টাভাইরাস সংক্রমণের ঘটনায় জনস্বাস্থ্যের জন্য বড় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, এই ভাইরাস সাধারণত খুব ঘনিষ্ঠ ও দীর্ঘ সময়ের সংস্পর্শে থাকলেই একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। হান্টাভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে, ফলে আগামী দিনগুলোতে আরও কিছু সংক্রমণের খবর আসতে পারে। তবে সার্বিকভাবে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি এখনো ‘কম’ বলেই মূল্যায়ন করা হয়েছে।
গেব্রেয়াসুস আরও জানান, প্রমোদতরীটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ভিড়লেও স্থানীয় বাসিন্দাদের জন্য সংক্রমণের ঝুঁকিও কম। স্পেন পরিস্থিতি সামাল দিতে সক্ষম এবং ডব্লিউএইচও তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
জাহাজটিতে সন্দেহভাজন আটজনের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনের শরীরে হান্টাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। মাসখানেক আগে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এই জাহাজে প্রাদুর্ভাবের পর তিনজনের মৃত্যু হয়েছে।
প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার আগেই যাত্রীদের একটি অংশ জাহাজ ছেড়ে যাওয়ায় এখন যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশে কন্টাক্ট ট্রেসিং চলছে।
বর্তমানে জাহাজে থাকা সব যাত্রীকে নিজ নিজ কেবিনে অবস্থান করতে বলা হয়েছে। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে আইসোলেশনে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
ডব্লিউএইচও’র সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যান ক্যারকোহভ জানান, আক্রান্তদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের মাস্ক পরার পাশাপাশি প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি বলেন, সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে, তবে এটি কোভিড-১৯ বা ইনফ্লুয়েঞ্জার মতো সহজে ছড়ায় না।
তিনি আরও স্পষ্ট করে বলেন, “এটি নতুন কোনো কোভিড মহামারির শুরু নয়। এটি একটি সীমিত প্রাদুর্ভাব, যা একটি প্রমোদতরীতে সীমাবদ্ধ রয়েছে।”








