Editorial News 24

কলকাতায় অমিত শাহ, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের তোড়জোড়

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার গঠনের প্রস্তুতিকে ঘিরে কলকাতাজুড়ে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। সেই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার সকালে কলকাতায় পৌঁছান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সকাল ১১টার পর কলকাতা বিমানবন্দরে নামলে তাকে স্বাগত জানান বিজেপির নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ শীর্ষ নেতারা।

বিমানবন্দর থেকে অমিত শাহ সরাসরি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান এবং সেখানে পূজা-অর্চনা করেন। পরে তিনি নিউ টাউনের একটি হোটেলে ফিরে আসেন। একই দিনে কলকাতায় পৌঁছান প্রেম সিং তামাংও।

দক্ষিণেশ্বর থেকে ফেরার পর নিউ টাউনের হোটেলে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক ঘরোয়া বৈঠকে বসেন অমিত শাহ। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দলের জয়ী ২০৭ জন বিধায়ককে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠক থেকেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ কাজে তাকে সহায়তা করতে উপস্থিত থাকার কথা রয়েছে মোহন চরণ মাঝির।

এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সেখানে তিনটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। মাঝের মূল মঞ্চে নতুন সরকারকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। শপথ শেষে স্বাক্ষরের জন্য রাখা হয়েছে বিশেষ রাইটিং ডেস্ক।

মঞ্চের এক পাশে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বসার ব্যবস্থা রাখা হয়েছে। অন্য পাশে থাকবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। পৃথক দুটি মঞ্চে বসবেন আমন্ত্রিত অতিথিরা।

সূত্র জানায়, মুখ্যমন্ত্রী হিসেবে যাকেই নির্বাচিত করা হোক, শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন তিনি। সেখানে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানানো হবে। সেই প্রক্রিয়া শেষ হলে শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনসহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে রাজনৈতিক পরিবর্তনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা ইতোমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে। বুধবার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের তৃতীয় মেয়াদের শেষ দিন। সাংবিধানিক সময়সীমা শেষ হওয়ার পর রাজ্যপাল আর এন রবি ৭ মে থেকে বিধানসভা ভেঙে দেন। ফলে আনুষ্ঠানিকভাবে ইস্তফা না দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে নেই।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন