তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় সাফল্য পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। এর মধ্যেই দলটির ১০৭ জন এমপি একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) ও সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) সরকার গঠনের উদ্যোগ নিলে টিভিকে এই পদক্ষেপ নিতে পারে।
দলীয় সূত্রের দাবি, সর্বাধিক আসন পাওয়ায় সরকার গঠনের জন্য গভর্নরের উচিত টিভিকেকে আমন্ত্রণ জানানো। তবে গভর্নর আর ভি আর্লেকার জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ সমর্থন ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া সম্ভব নয়।
রাজভবনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার গঠনের জন্য অন্তত ১১৮ জন সদস্যের সমর্থন প্রয়োজন। বর্তমানে টিভিকের আরও ১০টি আসনের সমর্থন দরকার।
এদিকে কংগ্রেসের ৫ জন এমপি ইতোমধ্যে টিভিকেকে সমর্থন দিয়েছেন। বাম দল ও কয়েকটি ছোট দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
সূত্র জানায়, পরিস্থিতি অনুকূলে না এলে আদালতের শরণাপন্ন হওয়ার প্রস্তুতিও নিচ্ছে বিজয়ের দল।








