লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ইসরায়েলে ক্ষোভের সৃষ্টি করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, এই ঘোষণা দেশটির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। কারণ, ইসরায়েলি সরকার ও সাধারণ জনগণের একটি বড় অংশ তখনও যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে ছিল।
ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময়ে আসে, যখন ইসরায়েলি বাহিনী লেবাননের ভেতরে অবস্থান নিয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালাচ্ছিল।
অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত থাকলেও নিজেদের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার আগেই ট্রাম্পের এমন পদক্ষেপ অনেক সামরিক কর্মকর্তার কাছে অপ্রত্যাশিত ও বিস্ময়কর বলে মনে হয়েছে।
সূত্র: আল জাজিরা।








