Editorial News 24

প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত, এএস-লেভেল গণিত পরীক্ষা আবার নেবে কেমব্রিজ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় এএস-লেভেল গণিতের একটি পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার ঘোষণা দিয়েছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন (সিআইই)। ক্ষতিগ্রস্ত অঞ্চলের পরীক্ষার্থীদের জন্য নতুন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন।

গত ৩০ এপ্রিল কেমব্রিজ নিশ্চিত করে, এএস-লেভেল গণিতের একটি প্রশ্নপত্র পরীক্ষার আগে অনিয়মিতভাবে ছড়িয়ে পড়েছিল। ওই প্রশ্নপত্রটি আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল।

কেমব্রিজের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জ্যেষ্ঠ মূল্যায়ন বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অনুযায়ী গণিত (9709/12) কোডের পরীক্ষাটি নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে। আগের প্রশ্নপত্রটি চূড়ান্ত ফলাফলে বিবেচনা করা হবে না।

সংস্থাটি জানায়, পুনঃপরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ন্যায্য ফল নিশ্চিত করা সম্ভব হবে এবং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ফলাফলের গ্রহণযোগ্যতা বজায় থাকবে।

সিআইইর তথ্য অনুযায়ী, নতুন পরীক্ষা আগামী ৯ জুন মঙ্গলবার জুন সিরিজের পরীক্ষার সূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। এ জন্য পরীক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অতিরিক্ত কোনো ফি নেওয়া হবে না। এছাড়া ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে।

কেমব্রিজ জানিয়েছে, ১৫ মে’র মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলোকে নতুন প্রশ্নপত্র, পরীক্ষা পরিচালনা ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হবে। একইসঙ্গে জুন ২০২৬ সেশন থেকে প্রত্যাহার এবং নভেম্বর ২০২৬ পরীক্ষার নিবন্ধনসংক্রান্ত তথ্যও জানানো হবে।

প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ করছে কেমব্রিজ।

সিআইই সতর্ক করে বলেছে, গোপন পরীক্ষাসামগ্রী ফাঁস বা অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে তাদের স্থায়ীভাবে কেমব্রিজের পরীক্ষা ও সনদ কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হতে পারে।

কেমব্রিজ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো সত্য নয়। তবে তারা নিয়মিত অনলাইন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করে এবং প্রশ্নপত্র বিক্রি বা শেয়ারের চেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

সূত্র: দ্য ডন

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন