কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ এবার পবিত্র ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেম মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
ঈদ জামাত উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে প্রতিবছরের মতো এবারও চালু থাকবে “শোলাকিয়া এক্সপ্রেস” নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস।
বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি-র সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঈদের জামাতকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠের উন্নয়ন ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ২ প্লাটুন বিজিবিসহ বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রমজান আলী মারুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






