ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে আগামী বুধবারের মধ্যে কোনো দীর্ঘমেয়াদি ও স্থায়ী চুক্তিতে পৌঁছানো না হলে আবারও হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান, এমনকি বোমা হামলাও পুনরায় শুরু করবে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ কঠোরভাবে বহাল থাকবে এবং “সম্মানজনক সমাধান” না এলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা আগামী বুধবার শেষ হওয়ার কথা। এই সময়ের মধ্যেই দুই পক্ষ পরোক্ষ আলোচনার মাধ্যমে স্থায়ী সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হোয়াইট হাউস আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, সময়সীমা বেঁধে দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান








