জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সংগঠনের মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ আরও কয়েকজন নেতা।
শনিবার (১৮ এপ্রিল) রাতে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, কয়েক দফা বৈঠক ও দীর্ঘ আলোচনার পর তারা এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। ধারণা করা হচ্ছে, রবিবার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান সম্পন্ন হতে পারে।
এছাড়া আপ বাংলাদেশের শীর্ষ নেতাদের পাশাপাশি মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান, মোশারেফ হোসেনসহ আরও ২০ থেকে ৩০ জন নেতাকর্মীও একই সঙ্গে এনসিপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে।
দলীয় সূত্র আরও জানায়, পরবর্তী পর্যায়ে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের অংশ হিসেবে আপ বাংলাদেশের নেতাকর্মীদের এনসিপির সাংগঠনিক কাঠামোর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।








