ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য রাশিয়ার রাজধানী মস্কোতে নেওয়া হয়েছে বলে দাবি করেছে কুয়েতভিত্তিক একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, একই হামলায় মোজতবা খামেনিও গুরুতর আহত হন। পরে তাকে তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হলে তিনি কোমায় চলে যান বলে দাবি করা হয়।
কুয়েতের আল জারিদা পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবার শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে তাকে গোপনে রাশিয়ায় নেওয়া হয়। একটি রুশ সামরিক বিমানে করে তাকে মস্কোতে পাঠানো হয় এবং সেখানে তার পায়ে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে।
আল জারিদার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, মস্কোতে পৌঁছানোর পর তাকে পুতিনের একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে রাখা হয় এবং সেখানেই তার পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার সময়ই মোজতবা খামেনি আহত হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যে ইরানে তার যথাযথ চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না বলেই তাকে বিদেশে নেওয়া হয়।
অন্যদিকে ইরানের একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে জানিয়েছে, গুরুতর আঘাতের কারণে মোজতবা খামেনির একটি বা দুটি পা কেটে ফেলতে হতে পারে। এছাড়া তার যকৃত ও পাকস্থলীও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি সম্ভবত কোমায় রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের দাবি, তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন ইরানের শীর্ষ ট্রমা সার্জন মোহাম্মদ মোহাম্মদ রেজা জাফারগান্দি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের ধারণা অনুযায়ী নতুন ইরানি সর্বোচ্চ নেতা আহত হয়েছেন এবং সম্ভবত অঙ্গহানির শিকার হয়েছেন।
তবে ইরানের কর্মকর্তারা এখন পর্যন্ত মোজতবা খামেনির আহত হওয়ার বিষয়টি আংশিকভাবে স্বীকার করলেও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। এমনকি দেশটির একাধিক সূত্রের দাবি, তিনি জীবিত নাকি মৃত—এ নিয়েও নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না।
সূত্র: আজার নিউজ








