উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
গাজার গাজা সিটিতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (MSF) একটি ক্লিনিকে ইসরায়েলি হামলায় সংস্থাটির দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে MSF জানায়, তাদের লোগোযুক্ত ক্লিনিকটিতে সরাসরি আঘাত হানা হয়েছে। স্থাপনাটির অবস্থান আগেই ইসরায়েলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল বলেও দাবি করেছে সংস্থাটি। এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নিহত দুজন হামাসের সদস্য ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস হামলার নিন্দা জানিয়ে একে ‘আপত্তিকর ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ১ হাজার ৭০০ জনের বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (UNRWA) এক কর্মীও নিহত হন।২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় হামলা অব্যাহত থাকার অভিযোগ রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৭০৫ জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৪ হাজার ৭৭২ জনে।তথ্যসূত্র: আল জাজিরা