উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, দলের কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াতে ইসলামী বাধা দিলে প্রয়োজনে তিনি দল ছেড়ে দেবেন। একই সঙ্গে হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘একটা মারলে দুইটা মারব।’শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহানের বাড়ি এবং কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়।ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ। হামলায় জামায়াতের ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তারা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান সংসদ সদস্য আমির হামজা। পরে বিকেলে এ ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, জুগিয়া এলাকায় একটি বালুমহাল থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বালুবাহী ড্রাম ট্রাক চলাচলের কারণে এলাকার রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।তিনি জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে নিজেই সরেজমিনে এলাকা পরিদর্শন করেন। এ সময় বাসিন্দারা তাকে জানান, অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক চলাচলের কারণে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলে তাকে জানানো হয়, সড়কটি সর্বোচ্চ ১০ টন ওজন বহনে সক্ষম। অথচ প্রতিদিন ৩০ থেকে ৪০ টন বালুবোঝাই ড্রাম ট্রাক চলাচল করছে। ফলে নতুন করে রাস্তা নির্মাণ করলেও তা আবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।আমির হামজা বলেন, রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত ওই এলাকায় কোনো ড্রাম ট্রাক চলাচল করতে পারবে না বলে তিনি স্থানীয়দের জানিয়ে এসেছিলেন। এর কয়েক দিন পরই জামায়াত নেতা শাহজাহানের বাড়ি ও স্থানীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট বালুঘাটটি আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে বিএনপির নেতারা সেটি হস্তান্তরের মাধ্যমে পরিচালনা করছেন। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের সময় উপস্থিত থেকে এ বিষয়ে বিএনপির নেতাদের নাম উল্লেখ করে তার কাছে অভিযোগ জানাবেন বলেও জানান তিনি।এদিকে ফেসবুকে দেওয়া ওই পোস্টের বিষয়ে জানতে সংসদ সদস্য আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে তিনি নিজের ফেসবুক আইডি থেকে পোস্টটি সরিয়ে নেন।এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।