উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী ছেলে তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুর পর মায়ের শেষবারের মতো মুখ দেখার সুযোগ করে দিতে স্বজনরা তার মরদেহ ফ্রিজিং ভ্যানে করে কারাগারে নিয়ে যান। সাপ্তাহিক ছুটির কারণে শারমিনের প্যারোলে মুক্তির আবেদন করা সম্ভব না হওয়ায় কারাগারের ফটকেই ছেলেকে শেষ বিদায় জানান তিনি।শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে লাশবাহী একটি ফ্রিজিং ভ্যানে তূর্যের মরদেহ নিয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে যান পরিবারের সদস্যরা। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মরদেহটি ভেতরে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনরা কারাগার থেকে বেরিয়ে আসেন।কারাবন্দি শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুর স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন বলেন, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।তিনি আরও বলেন, তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে। ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল। জন্মের পর থেকে মায়ের হাতেই তার খাওয়াদাওয়াসহ সবকিছু হতো। শারমিন গ্রেপ্তার হওয়ার পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ সেবন করতে না পারায় অসুস্থ হয়ে পড়ে। মায়ের অপেক্ষায় থাকতে থাকতেই শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।শাহাদাত হোসেন নিপুন অভিযোগ করে বলেন, আটকের আগে শারমিনের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে তাকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে। এ কারণে বাধ্য হয়েই ছেলের মরদেহ কারাগারের ফটকে নিয়ে আসেন, যাতে শারমিন শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন।কারাগার থেকে বেরিয়ে শারমিনের ছোট বোন শাম্মী বলেন, তার বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানো হয়েছে। তার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। রাষ্ট্র তার বোনকে জামিন দেয়নি। বোনের অনুপস্থিতিতে তার সন্তান মারা গেছে। শেষবারের মতো ছেলেকে দেখতে শারমিনকে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। এ সময় পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। পরে নিয়ম অনুযায়ী তাকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।