উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত প্রত্যন্ত অঞ্চল আপুরিমাক, এনে ও মানতারো নদীর উপত্যকায় (ভিআরএইএম) এ দুর্ঘটনা ঘটে। সানাবাম্বা শহরের কাছে একটি সেনা টহল দলকে সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিয়েছিল হেলিকপ্টারটি।পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির পাশাপাশি এর নয়জন আরোহীর সন্ধান পাওয়া যায়। তাদের মধ্যে আটজন সামরিক সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি পাইলট এনজো এসপিনোজা রোকে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিন সেনাসদস্যকে উদ্ধারের পর বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধান চালিয়ে সেটির বিধ্বস্ত অবস্থান শনাক্ত করা হয়। তবে সেনাসদস্যদের উদ্ধারের প্রয়োজন কেন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।এ ঘটনায় পেরুর সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। পাশাপাশি তাদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।উল্লেখ্য, পেরুর ভিআরএইএম অঞ্চলটি দেশটির সবচেয়ে বড় কোকা চাষের এলাকা হিসেবে পরিচিত। মাদক উৎপাদন ও পাচারের পাশাপাশি সেখানে বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতা রয়েছে। একসময় সক্রিয় বামপন্থী বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যরাও এ অঞ্চলে সক্রিয় রয়েছে। এ কারণে এলাকাটিতে প্রায়ই সামরিক অভিযান পরিচালনা করে দেশটির নিরাপত্তা বাহিনী।এর আগে গত ফেব্রুয়ারিতে দক্ষিণ পেরুতে একটি এমআই-১৭ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর সবাই নিহত হয়েছিলেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, কোকা পাতা ও কোকেন উৎপাদনে কলম্বিয়ার পাশাপাশি পেরুও বিশ্বের অন্যতম শীর্ষ দেশ।তথ্যসূত্র: বিবিসি