উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ঢাকার সাভারে পৃথক তিনটি স্থানে পার্কিং করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বাসগুলোতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।শনিবার (২৮ নভেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় আলিফ পরিবহনের একটি পার্কিং করা বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়।আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ভোর সাড়ে ৪টার দিকে নরসিংহপুর এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।অন্যদিকে, সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, রাত ৩টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।বাসে অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।