উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ নষ্ট ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।মামলার এজাহারে নিউটন মোল্লা ছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহলে ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তারা।পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বিজিবির গাড়ির গতিরোধ করেন। এ সময় বিজিবির পক্ষ থেকে তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।হামলার সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় বাধা দিতে গিয়ে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।মামলার বিবরণে বলা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে নষ্ট হয়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।এ সময় বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে হামলায় আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু জানান, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বাহিনীটির পক্ষ থেকে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।