উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে প্রাইভেট শিক্ষক মো. রাজিব হোসেনকে (৩৮) ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি-১২। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন অভিযানকারী দলের সদস্যরা।গ্রেপ্তার রাজিব হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামে একটি প্রাইভেট কোচিং সেন্টার পরিচালনা করেন।মামলার এজাহার অনুযায়ী, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিল দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষ হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন।এ ঘটনায় পরদিন ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের মামলা করেন।এজাহারে রাজিবের বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়েছে, এর আগেও তিনি একই কায়দায় তার দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। তবে বিয়ের কয়েক মাসের মধ্যে তাদের দুজনকেই তালাক দেন। বর্তমানে রাজিবের সংসারে একজন স্ত্রী রয়েছেন বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।এসআরবি-১২ জানিয়েছে, গ্রেপ্তার রাজিব হোসেনকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।