উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবিলার যুক্তি দেখিয়ে স্থানীয় সময় বুধবার এ ঘোষণা দেয় মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)।প্রস্তাবিত নতুন শুল্ক কাঠামোয় বাংলাদেশের পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক নির্ধারণের কথা বলা হয়েছে। তবে আগে থেকে কার্যকর থাকা শুল্ক এবং বিদ্যমান বাণিজ্য সমঝোতার কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্কের বোঝা কতটা বাড়বে, তা এখনো স্পষ্ট নয়।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় ১৬টি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার অভিযোগে আট মাস ধরে তদন্ত চালায় যুক্তরাষ্ট্র। সেই তদন্তের পর ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব সামনে আনা হয়েছে।তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তদন্তের আওতায় থাকলেও আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যে নতুন কোনো শুল্ক আরোপের প্রস্তাব করা হয়নি।মার্কিন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি এবং ইউএসটিআরের তথ্য অনুযায়ী, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এ হার সর্বোচ্চ ৩৫ শতাংশ। তবে বাণিজ্য চুক্তি হলে তা ২০ শতাংশে নামতে পারে। অন্যদিকে, চীনা পণ্যের ওপর অতিরিক্ত ২০ শতাংশ শুল্কসহ মোট হার ৪০ শতাংশ পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রয়েছে।তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যে শুল্কের সর্বোচ্চ সীমা ১৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে।নতুন শুল্ক আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে কি না, তা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তাদের বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত শুল্ক আগে থেকে কার্যকর থাকা কিছু শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে বসবে না। বিশেষ করে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে গত জুলাইয়ে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর আরোপ করা ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন হার যোগ হবে না। এ ক্ষেত্রে বিদ্যমান ও প্রস্তাবিত দুই শুল্ক হারের মধ্যে যেটি বেশি, আমদানিকারকদের সেটিই পরিশোধ করতে হবে।এ ছাড়া ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর সেকশন ২৩২-এর আওতায় আরোপিত শুল্কের সঙ্গেও নতুন প্রস্তাবিত শুল্ক যুক্ত হবে না।গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আগের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ পাল্টা শুল্ক বাতিল করে দেন। এরপর গত ২৪ জুলাই থেকে সেকশন ৩০১-এর আওতায় বাংলাদেশি পণ্যে ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। এর সঙ্গে নিয়মিত ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) শুল্ক যুক্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশের অনেক তৈরি পোশাকের ওপর ২৫ শতাংশের বেশি শুল্ক দিতে হচ্ছে।নতুন শুল্ক আরোপের পক্ষে যুক্তরাষ্ট্রের যুক্তি হলো, সংশ্লিষ্ট দেশগুলো শিল্পনীতি, সরকারি ভর্তুকি এবং অ-বাজার অর্থনীতির দেশ চীন থেকে আমদানি করা যন্ত্রাংশ ও কাঁচামাল ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করছে। এতে বাজারের প্রকৃত চাহিদা উপেক্ষিত হচ্ছে এবং মার্কিন বাণিজ্য ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।বিশ্লেষকদের ধারণা, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীনা বিনিয়োগের মাধ্যমে পণ্য উৎপাদন করে মার্কিন বাজারে প্রবেশের প্রবণতা ঠেকাতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।তবে প্রস্তাবিত শুল্ক এখনই কার্যকর হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। ফেডারেল রেজিস্টারে বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে গণশুনানি ও জনমত গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সব আনুষ্ঠানিকতা শেষ হতে সময় লাগায় আগামী বছরের জানুয়ারির আগে নতুন শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা কম।সূত্র: রয়টার্স, বিবিসি ও ইউএসটিআর।