উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মাফিজুর রহমান সরদার (৪৭) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোকামপুর এলাকায় এ ঘটনা ঘটে।আহত মাফিজুর রহমান তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মোকামপুর বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন মাফিজুর। পথে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বাম হাত, ডান পা ও বাম পাঁজরের নিচে গুলি লাগে।গুলি চালানোর পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মাফিজুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।