উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে পড়ায় দেশের চার সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে রোববার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এক সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।সতর্কবার্তায় বলা হয়েছে, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেখানো সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৭ নভেম্বর দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পরে ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলে ১৯ নভেম্বর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়। ২০ নভেম্বরও এই সংকেত বহাল ছিল। সে সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত শুক্রবার ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় ‘আকভান’। এরপর ধীরে ধীরে শক্তি হারিয়ে এটি প্রথমে গভীর নিম্নচাপে, পরে সুস্পষ্ট লঘুচাপ এবং সর্বশেষ লঘুচাপে পরিণত হয়। বর্তমানে এটি উড়িষ্যা ও আশপাশের এলাকায় অবস্থান করছে।ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়া এবং বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা না থাকায় সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।