উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’র নতুন সংস্করণ ‘জিটিএ ৬’। মুক্তির প্রথম দিনেই গেমটি থেকে আনুমানিক ২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার আয় হয়েছে। প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রি মিলিয়ে এর ২ কোটি ৪৫ লাখের বেশি কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার। এই সাফল্যকে বিনোদনজগতের ইতিহাসে অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, মুক্তির দিনেই জিটিএ ৬-এর আয় চলতি বছরের সর্বোচ্চ আয় করা সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর মোট আয়ের কাছাকাছি পৌঁছেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের পুরো সময়ে আয় করেছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।যদিও গেমটির নির্মাতা রকস্টার গেমস এবং এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ এখনো বিক্রির আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি। তবে প্রতিষ্ঠান দুটি গেমটি ঘিরে দর্শক-খেলোয়াড়দের আগ্রহকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছে।প্রায় তিন দশক ধরে জনপ্রিয়তা ধরে রাখা রকস্টারের অপরাধভিত্তিক গেম সিরিজের সর্বশেষ সংস্করণ জিটিএ ৬। ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই গেমে যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান ড্রিম’ ধারণাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। এর গল্পের পটভূমি কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডা, যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদলে তৈরি।গেমটির কাহিনি আবর্তিত হয়েছে দুই চরিত্রকে ঘিরে। খেলোয়াড়েরা এতে পেশাদার অপরাধীর ভূমিকায় অবতীর্ণ হবেন। প্রধান দুই চরিত্র হলো লুসিয়া ও তার সঙ্গী জেসন।জিটিএ ৬ নির্মাণে ১ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হিসাব সঠিক হলে, এটি হতে পারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেম।সেন্সর টাওয়ারের পরিসংখ্যান বলছে, গেমটির মোট বিক্রির প্রায় ৭৫ শতাংশ এসেছে প্লেস্টেশন ৫ সংস্করণ থেকে। বাকি অংশ বিক্রি হয়েছে এক্সবক্স কনসোলের মাধ্যমে।গেমটির ব্যাপক জনপ্রিয়তা অন্য ভিডিও গেমের বাজারেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছে সেন্সর টাওয়ার। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, জিটিএ ৬-এর কারণে খেলোয়াড়েরা অন্যান্য এককভাবে খেলার গেমে (সিঙ্গেল-প্লেয়ার টাইটেল) সময় ব্যয় প্রায় ১০ শতাংশ কমিয়ে দিতে পারেন।এদিকে, গেমিং বাজার গবেষণা প্রতিষ্ঠান নিকো পার্টনার্সের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে জিটিএ ৬-এর বিক্রি ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।তবে ১৯৩৯ সালের ধ্রুপদি চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’-এর মুদ্রাস্ফীতি সমন্বিত ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড ভাঙতে গেমটিকে এখনো বেশ পথ পাড়ি দিতে হবে।সূত্র: দ্য রিপোর্ট