উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রেললাইন পার হওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না।নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল এবং পাঁচ মাস বয়সী মাশরুফা।এ ঘটনায় আহত হয়েছেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় তাদের বহনকারী অটোরিকশাটি চলন্ত ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।কক্সবাজার রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা হতাহত হন।রেলওয়ে পুলিশ কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।