উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির একটি বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন উপজেলা ছাত্রদল, যুবদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে তারা মোটরসাইকেল শোভাযাত্রাও বের করেন।শোভাযাত্রাটি বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা গুরুতর আহত হন।পরে দলীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।