উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিভিন্ন জায়গায় কী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, তা দেখার সময় সরকারের নেই,এসব প্রতিবেদন সরকারের বিবেচ্য বিষয়ও নয়।সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কী প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে, তা আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে। সরকারের প্রত্যাশা, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য আসামিদের মতো তাকেও বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং তিনি দেশে এসে সাজা ভোগ করবেন।তিনি আরও বলেন, ভারত সরকার এ বিষয়ে ইতিবাচক সাড়া দিলে বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য বিষয়টি সহজ হবে। তবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, দুই দেশের সম্পর্ক শুধু শেখ হাসিনা ইস্যুতে সীমাবদ্ধ নয়। মুক্তিযুদ্ধের সময় থেকে এ সম্পর্কের সূচনা। দ্বিপক্ষীয় সম্পর্ক এর চেয়ে অনেক বিস্তৃত। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, যেগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। বর্তমানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো কর্মকাণ্ডের সঙ্গেও দলটি জড়িত। তার দাবি, বিদেশে অবস্থান করেও দলটির সদস্যরা এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।বাংলাদেশ ও ভারতের কনস্যুলার সংলাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এ সংলাপ নিয়ে সংবাদমাধ্যমে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। তার মতে, সচিব পর্যায়ে এ বৈঠক হওয়া প্রয়োজন। দুই পক্ষই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, সংলাপটি কিছুদিন পর আয়োজন করা হলে ভালো হবে।সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা তুলে ধরা হয়েছিল। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, নয়াদিল্লির কর্মকর্তারা প্রত্যর্পণের ক্ষেত্রে দুটি শর্তের আভাস দিয়েছেন।প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্ত হিসেবে বলা হয়, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাই তাকে ফিরিয়ে আনার দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে।দ্বিতীয় শর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে নিশ্চয়তা দিতে হবে। তবে এসব বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।