উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর রামপুরায় চাঁদা না দেওয়ায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় প্রতিষ্ঠানের দুই কর্মী গুলিবিদ্ধ হন। হামলার আগে প্রতিষ্ঠানটির কাছে এককালীন ১০ লাখ টাকা এবং প্রতি মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনার এক মাস পরও দাবি করা টাকা না পেয়ে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় চার ব্যক্তি কার্যালয়ে গিয়ে কর্মীদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রামপুরার ওয়াপদা রোডে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে কর্মীদের মধ্যে আতঙ্কের চিত্র দেখা যায়। সেখানে ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন। হামলায় গুলিবিদ্ধ কর্মী হাবিবুর রহমানও কার্যালয়ে ছিলেন। তাঁর হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। তবে আহত আরেক কর্মী সাজু আহমেদ তখন সেখানে ছিলেন না।প্রত্যক্ষদর্শী ও কর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় কার্যালয়ে চারজন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে একজন নতুন কর্মী বাইরে যোগদানের অপেক্ষায় ছিলেন। ভেতরে ছিলেন হাবিবুর রহমান, টিপু ও সাজু আহমেদ। সাধারণত গ্রাহকেরা ইন্টারনেট বিল পরিশোধ করতে কার্যালয়ে আসেন। ঘটনার দিনও দরজায় নক করার পর নতুন কর্মী দরজা খুলে দেন। এ সময় দুজন ভেতরে প্রবেশ করেন। পরে আরও দুজন আসেন। তাঁদের মধ্যে একজন কার্যালয়ের ভেতরে ঢোকেন, বাকিরা বাইরে অবস্থান করেন।কার্যালয়ে ঢুকেই হামলাকারীরা জানতে চায়, চাঁদার বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি কেন এবং টাকা দেওয়া হয়নি কেন। কর্মীরা জানান, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না, মালিকের সঙ্গে কথা বলতে হবে। এরপরই দুর্বৃত্তরা তাঁদের গালাগাল শুরু করে এবং গুলি চালায়।হামলাকারীরা অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরের গুলিটি সাজুর পায়ে লাগে। আরেকটি গুলি হাবিবুরের হাতের ঘড়িতে আঘাত করে নিচে গিয়ে আবার সাজুর পায়ে লাগে। অন্য একটি গুলি হাবিবুরের হাতে বিদ্ধ হয়।গুলি চালানোর পর হামলাকারীরা আগামী মাস থেকে প্রতি মাসে দুই লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। একই সঙ্গে বাদশাহ ও জনির সঙ্গে যোগাযোগ না করার কারণ জানতে চায় তারা। হামলাকারীদের একজন কার্যালয়ের ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড খুলে নিয়ে যায়। এরপর ক্যাশের দিকে যায়। তারা চলে যাওয়ার সময় কর্মীরা আটকের চেষ্টা করলে বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।ঘটনার সময় আশপাশে ভ্যানগাড়িতে কাপড় বিক্রি করছিলেন জুলহাস। তিনি বলেন, প্রথমে বিকট শব্দ শুনে ভয় পেয়ে যান। পরে চারদিকে ধোঁয়া দেখতে পান। এরপর গুলির শব্দ শুনে ওই কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পারেন।প্রতিষ্ঠানটির এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দুর্বৃত্তরা আবার এসে গুলি চালাতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। ঘটনার পর ভবনমালিক এসে কার্যালয়টি ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন।এ ঘটনায় সোমবার হাতিরঝিল থানায় মামলা করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জাহিদুল হক পলাশ। তিনি জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে চার ব্যক্তি কার্যালয়ে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা কর্মীদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে এবং পালিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।মামলার এজাহারে বলা হয়েছে, স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজির প্রধান কার্যালয় রাজধানীর পান্থপথের বক্স কালভার্ট রোডে। রামপুরার ওয়াপদা রোডের ১২৯ নম্বর বাড়ির নিচতলায় প্রতিষ্ঠানটির একটি শাখা কার্যালয় রয়েছে।প্রায় এক মাস আগে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই কার্যালয়ে গিয়ে নিজেদের গুজা বাদশাহ ও মোল্লা জনি গ্রুপের সদস্য বলে পরিচয় দেয়। তারা প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. মাজহারুল ইসলামের কাছে এককালীন ১০ লাখ টাকা এবং প্রতি মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি মাজহারুল ইসলাম ব্যবস্থাপককে জানান। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। বরং শাখা কার্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন তাঁরা।এজাহারে আরও উল্লেখ করা হয়, ১৫ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি কার্যালয়ে এসে আগের চাঁদার দাবির প্রসঙ্গ তোলে। এ সময় তাদের একজনের হাতে পিস্তল ছিল। পরে তারা কর্মীদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে সাজু আহমেদের (৩০) ডান পায়ে দুটি গুলি লাগে এবং হাবিবুর রহমানের (২৭) বাঁ হাতের কবজির নিচে গুলি বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে দুজনই মেঝেতে পড়ে যান।এজাহার অনুযায়ী, গুলি করার পর দুর্বৃত্তরা কর্মীদের হুমকি দিয়ে বলে, চাঁদার টাকা পরিশোধ না করলে পরবর্তী সময়ে তাঁদের হত্যা করা হবে। এরপর কার্যালয়ের মূল দরজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। ভবনের প্রধান ফটকের বাইরের সড়কেও আরও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে সহকর্মীরা আহত সাজু ও হাবিবুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।ঘটনার সময় কার্যালয়ে উপস্থিত না থাকায় ব্যবস্থাপক জাহিদুল হক পলাশ প্রথমে আহত কর্মীদের চিকিৎসার জন্য হাসপাতালে যান। পরে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।জড়িতদের শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী বলছে পুলিশপুলিশের একটি সূত্রের দাবি, এ ঘটনায় নিহত শীর্ষ সন্ত্রাসী পলাশ ওরফে কাইল্লা পলাশের সহযোগী সুজন ওরফে টোকাই সুজন এবং পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মোল্লা জনি ও গুজা বাদশাহর সংশ্লিষ্টতা রয়েছে। তাদের নির্দেশে হাসিব, হাসনাইন, আলিফ ও সামিউল ঘটনাস্থলে গিয়ে গুলি চালায় বলে সূত্রটি জানিয়েছে। তাদের মধ্যে একজন কার্যালয়ের ভেতরে ঢুকে গুলি করে, আর অন্যরা বাইরে অবস্থান করছিল বলে দাবি করা হয়েছে।তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিষ্ঠানের মালিক হাতিরঝিল থানায় মামলা করেছেন। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।