উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আগামী এক বছরের মধ্যে কয়েকশ সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে এলাকার ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে। ভবিষ্যতে ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিও ব্যবহার করা হবে।শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।তিনি বলেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং জনসমাগমস্থলের ১৫টি পয়েন্টে ইতোমধ্যে ৮০টি উচ্চ রেজল্যুশনের ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরায় দূরের দৃশ্যও বড় করে দেখার সুবিধা রয়েছে। আগামী এক বছরে ক্যামেরার সংখ্যা কয়েক শতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, থানা-পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকার ঝুঁকিপূর্ণ স্থানগুলোর তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী বিভিন্ন স্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষ ধরনের গোপন ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে প্রতিটিতে কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের রাখা হবে। পুলিশ, ট্রাফিক বিভাগ ও এলাকাবাসীর সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে।তবে নিরাপত্তার কারণে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবার জন্য উন্মুক্ত করা হবে না। প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরা প্রয়োজন অনুযায়ী ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হচ্ছে। এসব ক্যামেরাকেও সমন্বিত নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ করা পুলিশের জন্য কঠিন হতে পারে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, এ সমস্যা মোকাবিলায় এআইনির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে দ্রুত সতর্কবার্তা পাঠানো সম্ভব হবে।মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকায় ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতির কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, সিসিটিভি নজরদারি, সড়কবাতি স্থাপন এবং পুলিশের নিয়মিত তৎপরতায় কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু এলাকায় এখনো অপরাধের প্রবণতা রয়েছে। সেসব স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, শুধু সিসিটিভি ক্যামেরা বসিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের সক্ষমতাও বাড়াতে হবে। মোহাম্মদপুর থানার এলাকা বড় হওয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছাতে পুলিশের সময় লাগে। এ সমস্যা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও পুলিশের সক্ষমতা বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। এলাকার বড় ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, হাসপাতাল ও মার্কেট কর্তৃপক্ষকেও নিরাপত্তা কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, শিয়া মসজিদ, আসাদগেট এবং ধানমন্ডি ২৭ নম্বরের আই হসপিটাল-সংলগ্ন এলাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটের প্রবেশপথে আরও তিনটি আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।ঢাকা-১৩ এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিত সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। সলিমুল্লাহ রোড থেকে শিয়া মসজিদ, শম্পা মার্কেট থেকে স্কয়ার হাসপাতাল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বসিলা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিয়ন্ত্রণে এসব ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি থামানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজের মাধ্যমে মামলাও করা হচ্ছে।কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে শুধু অপরাধীদের গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অপরাধের পেছনে থাকা সামাজিক ও অর্থনৈতিক কারণগুলোও দূর করতে হবে। এ জন্য তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নতুন ব্যবসার সুযোগ তৈরি করা জরুরি।বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। বিজিএমইএ ও এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে কথা হচ্ছে। বসিলা পলিটেকনিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে।বিহারি ক্যাম্পের মাদক সমস্যা নিয়ে ববি হাজ্জাজ বলেন, ক্যাম্পের প্রবেশ ও বের হওয়ার পথগুলো সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এসব এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।