উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলামিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে মোহাম্মদপুর থানার ৪০ ফিট সংলগ্ন লাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির (সিপিএসসি) কমান্ডার হাসান মোহতারিম।গ্রেপ্তার অন্য দুজন হলেন আসলাম ও জুলহাস। অভিযানকালে তাদের কাছ থেকে দুটি সামুরাই ও ৩৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।হাসান মোহতারিম জানান, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তারা ছিনতাইকারীদের আশ্রয় ও সহযোগিতা দিয়ে আসছিলেন। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে এসআরবি-২। অপরাধী চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনার চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও জানান, পুলিশের ক্রিমিনাল রেকর্ড (পিসিপিআর) যাচাই করে আলামিনের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট তিনটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আসলামের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।