উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরে শিল্পাঞ্চলের অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।সংঘর্ষে আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন স্টারলিং স্টাইলস লিমিটেডের আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। এ ছাড়া তিন পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে তারা বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।এরপর শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা এনভয় ও স্টারলিং কারখানার সামনে অবস্থান নেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু কারখানা বন্ধ থাকায় তারা বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।অন্যদিকে, শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা বিক্ষোভের পাশাপাশি সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা এনভয় ও স্টারলিং পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ব্যবহার করলেও কোনো রাবার বুলেট নিক্ষেপ করেনি বলে দাবি করেন তিনি। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।