উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় করা অর্থ ইসরায়েল ও উপসাগরীয় মিত্র দেশগুলোর কাছ থেকে আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র যেসব দেশকে সামরিকভাবে সুরক্ষা দিয়েছে, যুদ্ধের পুরো ব্যয় তাদেরই বহন করা উচিত।তবে বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এই বক্তব্যের পেছনে বাস্তব কোনো নীতিগত পরিকল্পনার চেয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।রবিবার প্রচারিত সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেসব দেশকে রক্ষা করেছে, তাদের কাছ থেকেই যুদ্ধের যাবতীয় খরচ আদায় করা হবে। তিনি বলেন, “আমরা সব অর্থ ফেরত পাব। তারা শতভাগ অর্থ পরিশোধ করবে। কারণ, আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।”এবারই প্রথম সরাসরি ইসরায়েলের কাছ থেকেও যুদ্ধের ব্যয় আদায়ের কথা বলেছেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না।এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের কাছ থেকেও যুদ্ধের খরচ আদায়ের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন সামরিক উপস্থিতির সুবিধা পাওয়া এসব দেশকে অর্থ পরিশোধের আহ্বান জানান তিনি।তবে উপসাগরীয় দেশগুলো শুরু থেকেই বলে আসছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা সম্পর্কে তাদের আগে থেকে জানানো হয়নি। বরং ইরানের পাল্টা হামলায় এসব দেশের সামরিক ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাতের অবসানে কূটনৈতিক সমাধানের পক্ষেও অবস্থান নিয়েছে দেশগুলো।মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৪ হাজার ৭১০ কোটি ডলারে। তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের সম্ভাব্য ব্যয় এই হিসাবের অন্তর্ভুক্ত নয়।বিশ্লেষকদের মতে, সরাসরি যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা কঠিন হতে পারে। তবে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে অতিরিক্ত বিনিয়োগ, মার্কিন অস্ত্র কেনা কিংবা বাণিজ্যিক সুবিধা আদায়ের চেষ্টা করতে পারেন ট্রাম্প। অন্যদিকে, ইসরায়েলের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে তিনি তুলনামূলকভাবে বেশি আগ্রহী হতে পারেন।চ্যাথাম হাউসের বিশ্লেষক নিল কুইলিয়ামের মতে, ট্রাম্পের বক্তব্যকে বাস্তব নীতিগত প্রস্তাবের পরিবর্তে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা উচিত। বিশ্লেষকদের ধারণা, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা এবং ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষের পর যুদ্ধের দায় ও ব্যয় অন্য দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প।সূত্র: আল-জাজিরা