উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন শিক্ষাক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তির বিষয়গুলো যুক্ত করা হবে। একই সঙ্গে এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ এবং অনলাইন নিরাপত্তার বিষয়েও শিক্ষার্থীদের শেখানো হবে।মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এ সময়ে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব ক্রমেই বাড়ছে। এই বাস্তবতা বিবেচনায় সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সে অনুযায়ী ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে আইসিটি ও এআইবিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করা হবে।শ্রেণিভিত্তিক পাঠ্যসূচির বিষয়ে তিনি জানান, ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবটিক্স সম্পর্কে ধারণা দেওয়া হবে। সপ্তম শ্রেণিতে প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের প্রয়োগ, ইন্টারনেট অব থিংস এবং বাস্তব জীবনে এর ব্যবহার শেখানো হবে।অষ্টম শ্রেণির পাঠ্যসূচিতে থাকবে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিং। নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি অন্তর্ভুক্ত করা হবে। আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে এআইয়ের পরিচিতি, দৈনন্দিন জীবন ও শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের বিষয় পড়ানো হবে।শিক্ষামন্ত্রী বলেন, শুধু এআই ব্যবহার শেখানো যথেষ্ট নয়; এআই থেকে পাওয়া তথ্য কীভাবে যাচাই ও বাছাই করতে হয়, সেটিও শিক্ষার্থীদের জানতে হবে। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের শিক্ষাক্রমে তথ্য যাচাই ও ডিপফেক শনাক্তকরণের বিষয় অন্তর্ভুক্ত করার উদাহরণ তুলে ধরেন তিনি। বাংলাদেশের শিক্ষার্থীদেরও বয়স উপযোগী পদ্ধতিতে এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং ও অনলাইন নিরাপত্তা শেখানোর ওপর গুরুত্ব দেন।শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে। এ প্রকল্পে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা।এ ছাড়া ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ ও নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।শিক্ষামন্ত্রী আরও জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’-এ বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০২৬ সালের ওই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা’। সেখানে শিক্ষায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার এবং এর অপব্যবহার প্রতিরোধ নিয়ে আলোচনা হয়।অতীতের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের প্রথম পর্যায়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনে ৩৯৭ কোটি টাকা ব্যয় করা হয়েছিল।শিক্ষামন্ত্রী বলেন, সরকার আইসিটি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ খাতে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। সংসদ সদস্যদের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করছে এবং আগামী দিনে এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।