উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দেশটির জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯ নভেম্বর অমাবস্যার রাতে ইরানে হামলা চালানোর সম্ভাবনাও খতিয়ে দেখছে ওয়াশিংটন।শুক্রবার (৬ নভেম্বর) জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজ।প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা থাকায় ওই রাতে চাঁদের আলো তুলনামূলক কম থাকবে। রাতের এই অন্ধকারকে সামরিক অভিযানের ক্ষেত্রে কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। তবে ইরানে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।এর আগে এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন পরিকল্পনা ও বিকল্প সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার। সামরিক পদক্ষেপের সম্ভাব্য দিকগুলো নিয়ে ব্রিফিং পেলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামনিয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আবারও আক্রমণ করলে ভৌগোলিক সীমারেখার বিষয়টি বিবেচনায় না নিয়ে দেশটির যেকোনো স্থাপনায় হামলা চালাবে তেহরান।এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ট্রাম্প।মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ওই সাক্ষাৎকারে ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’ বলে হুঁশিয়ারি দেন তিনি।তবে ইরান ইস্যুতে ট্রাম্পের বক্তব্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। একদিকে তিনি সামরিক অভিযান সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে আপাতত বড় ধরনের নতুন হামলার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই মুহূর্তে বড় ধরনের আরেকটি হামলার পরিকল্পনা নেই। তবে পরিস্থিতির প্রয়োজনে যুক্তরাষ্ট্র যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি বলেন, ‘প্রয়োজন হলে আমরা পুরোপুরি প্রস্তুত।’তথ্যসূত্র: ফক্স নিউজ, অ্যাক্সিওস ও ফিন্যান্সিয়াল টাইমস